দ্বিপাক্ষিক সফরে আগামী ৯ জুন যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টার্মারের সঙ্গে বৈঠকে মূল গুরুত্ব পাচ্ছে পাচারকৃত অর্থ ফেরত আনার বিষয়টি। সেখানে অবস্থানরত কোনো অভিযুক্ত ব্যক্তি নয়, অর্থ উদ্ধারকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গুঞ্জন আছে, লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ হতে পারে। তবে এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই।
বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এ সময় তিনি কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড জয়ে ড. ইউনূসকে শুভেচ্ছা জানান। আগামী ১২ জুন লন্ডনে এক অনুষ্ঠানে রাজা চার্লস আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেবেন।
এই সফরে কোনো চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা নেই বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, জলবায়ু এবং মানবাধিকারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে দুই নেতার মধ্যে। আওয়ামী লীগের যেসব নেতার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে, তাদের ফেরত পাঠানো বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রণালয় জানায়—“ব্যক্তিকে নয়, পাচার হওয়া অর্থ ফেরত আনা নিয়েই আমাদের অগ্রাধিকার।”